
প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে তাঁকে বিদায় জানাতে বিমানবন্দরে মন্ত্রী, সচিব ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের দীর্ঘ সারি দেখা যায়—এ দৃশ্য বহুদিনের প্রচলিত রীতি। আবার বিদেশ সফর শেষে দেশে ফেরার সময়ও প্রায় একই চিত্র দেখা যায়। তবে এবার সেই প্রচলিত প্রথায় পরিবর্তন আনছে সরকার।
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে যাত্রা ও দেশে প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে কারা উপস্থিত থাকবেন, সে বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বুধবার (৪ মার্চ) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বা সরকারি সফরে বিদেশে যাওয়া এবং দেশে ফেরার সময় বিমানবন্দরে নির্দিষ্ট কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে থাকবেন মন্ত্রিসভার জ্যেষ্ঠতম সদস্য হিসেবে একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ সংক্রান্ত ২০২৪ সালের ২৮ আগস্ট জারি করা পূর্বের সার্কুলার বাতিল করে নতুন নির্দেশনাটি কার্যকর করা হয়েছে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ হেডকোয়ার্টার্স, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
